মুলাদীতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচারে হামলা ও মাইক ভাঙচুর করে পোস্টার-ব্যানারে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদারুল আহসান খানের প্রচারে এ হামলার ঘটনা ঘটে।
গতকাল রবিবার হামলার প্রতিবাদে স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক দিদারুল আহসান খান মুলাদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন—গত শনিবার নৌকা প্রতীকের কর্মীরা ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মাদ কবিরাজের বাড়ির সামনে তার প্রচারের মাইক ও অটোরিকশা ভাঙচুর করে খালে ফেলে দেয় এবং ব্যানারে অগ্নিসংযোগ করে। ক্ষমতাসীন নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা প্রতিনিয়তই তার কর্মীদের ওপর হামলা করছে কিন্তু নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো আইনি ব্যবস্থা নিচ্ছেন না। এছাড়া বহিরাগতরা দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে নির্বাচনি বিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মা-বাবাকে হুমকি দিচ্ছে।
এ সময় তিনি আগামী ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী মেয়র শফিক উজ্জামান রুবেল স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলা-ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে জানান, আমার কোনো কর্মী-সমর্থক কারো ওপর হামলা কিংবা কাউকে ভয়ভীতি প্রদর্শন করেনি। প্রার্থী দিদারুল আহসান খান আমার কর্মীদের মোটরসাইকেলের চাবি নিয়ে তাদের বিরুদ্ধে উলটো অভিযোগ করেছেন।
