ধানমন্ডির রাপা প্লাজায় চুরি

৫০০ ভরি স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকা লুট

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৩

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাপা প্লাজার তিনটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকা চুরি হয়েছে। শনিবার রাত ২টার দিকে ঐ প্লাজার দোতলার রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা, জেন্টেল পার্ক নামে একটি পোশাক বিক্রির দোকান থেকে কয়েক লাখ টাকা এবং আরো একটি দোকান থেকে কয়েক লাখ টাকা চুরি হয়।

রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকার ও তার ছোট ভাই অমিত সাহা জানান, সকালে মার্কেটের নিরাপত্তা কর্মীদের ফোন পেয়ে ঘটনাস্থলে যান তারা। মার্কেটে গিয়ে দেখতে পান, তাদের দোকানের ১৪টি তালা সামনের  মেঝেতে পড়ে আছে। তালাগুলো ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছে। সার্টার ও কলাবসিবল গেট অর্ধেক খোলা এবং দোকানের ভেতরে ডিসপ্লে সেলফগুলো তছনছ করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে ক্যাশ বাক্স। দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা নেওয়া হয়েছে। তারা বলেন, দোকানের ভেতরের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, রাত ২টার দিকে তিন জন মুখোশ পরিহিত লোক দোকানের ভেতর প্রবেশ করছে। এসময় তাদের হাতে শাবল, স্লাইরেঞ্জ ও হাতুড়ি ছিল। এসব দিয়ে তারা ডিসপ্লে সেলফগুলো তছনছ করে। রাত আড়াইটা পর্যন্ত দোকানের ভেতর থেকে লুটপাট করে চলে যায় তারা। এছাড়া আরো দুইটি দোকান থেকে কয়েক লাখ টাকা চুরি হয়েছে।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।