সংরক্ষিত নারী আসন সংক্রান্ত সপ্তদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০০:৩১

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন রাখা সংক্রান্ত সংবিধানের সপ্তদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে সংরক্ষিত মহিলা আসনের চলমান নির্বাচনের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে রিটে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের উপর শুনানি হতে পারে। রিটে স্পিকার, সংসদ সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, সংবিধানের ১১ ও ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী সকল পর্যায়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের কথা বলা হয়েছে। কিন্তু সংবিধানের সপ্তদশ সংশোধনীর মাধ্যমে আরো ২৫ বছরের জন্য সংরক্ষিত ৫০টি নারী আসন রাখা অযৌক্তিক ও সংবিধান পরিপন্থী। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ এ রিট করেন।