ভেজাল ওষুধের মামলায় দুই ব্যবসায়ীর ১৪ বছর কারাদণ্ড

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০০:৩১

রাজধানীর মিডফোর্ডের দুই ব্যবসায়ীকে ভেজাল ওষুধ তৈরি ও বিক্রির দায়ে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকার ১৬ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মাজহারুল হক সাংবাদিকদের জানান, মামলার বিচার চলাকালে আসামিরা জামিন পান। তবে রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখানের চিত্রকোট এলাকার রাজনগর খালপাড়ের বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে নুর ইসলাম ও একই এলাকার মৃত আজিজের ছেলে আলম হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ মার্চ মিডফোর্ড এলাকার ওষুধ মার্কেটের দোতলায় ৩৯ ও ২০২ নম্বর দোকানে সিআইডি পুলিশ অভিযান চালায়। এ সময় আসামিদের গোডাউন থেকে ৭ হাজার ৪ শ প্যাকেট অ্যামোক্রিসিলিন ভেজাল ক্যাপসুল উদ্ধার করা হয়। এ ছাড়া ভেজাল ওষুধ তৈরির জন্য ৩ বস্তা সিপ্রোফস্নক্সসিন এর খালি প্যাকেট এবং তিন রোল অ্যালুমেনিয়াম ফয়েল (ক্যাপসুলের ষ্ট্রিপ তৈরির উপকরণ) জব্দ করা হয়। পরে জব্দ করা ওষুধ বিশেষজ্ঞদের মতামতের জন্য পরীক্ষাগারে পাঠানো হলে সেখানে ভেজাল প্রমাণিত হয়। এ ঘটনায় রাজধানীর বংশাল থানায় ২০১৫ সালের ৯ এপ্রিল মামলা করা হয়।