ভাষানটেকে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০০:৩২

রাজধানীর ভাষানটেক এলাকার এক বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম সনিয়া পারভিন মিনু (৩৩)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ভাষানটেক থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ওই গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত লাশের কপাল হালকা ফোলা ও গলায় ওড়ান পেঁচানোর দাগ রয়েছে। জানা গেছে, সনিয়া পারভিন ও তার স্বামী সরওয়ার মোল্লা তিন মাস আগে পশ্চিম ভাষানটেক ৬৭/১ নম্বর বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। গতকাল ভোরের দিকে সনিয়ার স্বামী বাসা থেকে বের হওয়ার সময় অস্বাভাবিক আচরণ করেন। সন্দেহ থেকে কেয়ারটেকার ঘরের মধ্যে ঢুকলে সরওয়ার দ্রুত পালিয়ে যায়। তখন কেয়ারটেকার ঘরের মেঝেতে কম্বলে মোড়ানো অবস্থায় সনিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

ভাষানটেক থানার এসআই মহেশ চন্দ্র সিংহ বলেন, নিহতের কোন স্বজনকে পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।