নির্বাচনকে কেন্দ্র করে নিহতদের পরিবার ও হামলা-মামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানের জন্য ১০টি সাংগঠনিক বিভাগের প্রতিটিতে পাঁচ সদস্যের টিম গঠন করেছে বিএনপি। ধানের শীষ প্রার্থীরা এই টিমের সঙ্গে কাজ করবে। এসব কমিটিতে একজনকে দলনেতা করে চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের আইনি সহায়তার বিষয়কে সামনে রেখে জেলা সফর করার পরিকল্পনাও করেছেন। এসব সফরে নেতাকর্মীদের উজ্জীবিত করতে নানামুখী কর্মসূচিও গ্রহণ করবেন তারা। এর মধ্যে আলোচনা সভা, উঠান বৈঠকের মতো কর্মসূচি নিয়ে তারা সাংগঠনিক দুর্বলতাগুলোকেও চিহ্নিত করবেন বলে জানা গেছে।
দলের পক্ষ থেকে জানান হয়, এসব কমিটি কারাগারে আটক নেতাকর্মীদের জামিনে মুক্তিলাভের প্রধান অন্তরায়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আসনভিত্তিক ধানের শীষের প্রার্থীরা এসব নেতাকর্মীদের আইনি সহায়তায় এগিয়ে আসছেন কিনা তাও তদারকি করবেন বিভাগীয় কেন্দ্রীয় কমিটি।
কমিটির মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানকে ঢাকা বিভাগ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ময়মনসিংহ, ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে চট্টগ্রাম, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুকে রাজশাহী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে খুলনা, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারকে সিলেট, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে বরিশাল, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে রংপুর, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানকে ফরিদপুর ও চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদকে কুমিল্লা বিভাগের দলনেতা করা হয়েছে।
