সোনারগাঁওয়ে দূষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হামলায় আহত ১০

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০০:৪৮

সোনারগাঁওয়ে কারখানার বর্জ্যে পরিবেশ দূষণ ও স্থানীয় খাল বালু দিয়ে ভরাট করে দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১০ জন আহত হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার সকালে সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়াপাড়ায় অবস্থিত কনফিডেন্স কারখানার ঠিকাদার ও শ্রমিকরা একত্রিত হয়ে এ হামলা চালায়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৮ জনকে আটক করেছে। এ সময় নরসিংদী ও মদনপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত জনতা ওই সড়কে চলাচলরত ৫-৭টি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কনফিডেন্স মিলের সহকারী ব্যবস্থাপক মো. মুনতাসির রাফি জানান, জাতীয় পার্টির নেতা হাসেমের নেতৃত্বে রফিকুর ইসলাম মেম্বারসহ এলাকার লোকজন নিয়ে কোম্পানির ক্রয়কৃত বাতিল মালামালের গাড়ি বাধা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা সংঘর্ষে রূপ নেয়। বিষয়টি ঠিকাদার ও স্থানীয়দের মধ্যে। সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।