ফেভারিটদের শুভসূচনা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৭

অস্ট্রেলিয়ান ওপেন

স্পোর্টস ডেস্ক

গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলার অনুভূতিটাই অন্যরকম। দর্শকদের তাড়নায় নিজেকে উজাড় করে দিতে ইচ্ছে প্রতিটি খেলোয়াড়ের। করোনাকালে সেটারই অভাব বেশ লম্বা সময় ধরে বোধ করছিলেন নোভাক জোকোভিচ। তবে গতকাল থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে তাই বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতি দেখে টেনিসের শীর্ষ বাছাই ফিরে পেয়েছেন সেই পুরোনো উদ্যম।

আসরে সর্বোচ্চ আট বার ও বর্তমান চ্যাম্পিয়নের শুরুটা হয়েছে রাজসিকভাবেই। প্রথম রাউন্ডে ফ্রান্সের জেরেমি চার্ডিকে ৬-৩, ৬-১ ও ৬-২ গেমের সরাসরি সেটে উড়িয়ে দেন তিনি। ‘ভরা’ দর্শকের সামনে দুর্দান্ত এই জয়ের পর জোকোভিচ বলেন, ‘আবার স্টেডিয়ামভর্তি দর্শক দেখতে পেরে আমার মন ভরে গেছে। আমি সত্যিই আনন্দিত।’ জোকোভিচের মতোই শুভসূচনা হয়েছে বাকি ফেবারিটদেরও। কাজাখস্তানের মিকাইশ কুকুশকিনকে ৭-৬ (৭-২), ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন পুরুষ এককের তৃতীয় বাছাই ডমিনিক টিম। নারী এককে জয় তুলে নিয়েছেন সিমোনা হালেপ সেরেনা উইলিয়ামস, নাওমি ওসাকারা। তবে বিদায় নিয়েছেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জার্মানির আঞ্জেলিক কেরবার। যুক্তরাষ্ট্রের বের্নার্ডা পেরার কাছে ০-৬, ৪-৬ গেমে হারেন ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এই তারকা।