ভবন থেকে ইট পড়ে নারী পথচারী নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৮

ইত্তেফাক রিপোর্ট

যাত্রাবাড়ী থানাধীন মমিনবাগে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রুনা আক্তার (২২) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি গার্মেন্টসের পোশাকশ্রমিক ছিলেন। গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাযহারুল ইসলাম জানান, নিহতের স্বামীর নাম শাহীন। স্বামী ও সন্তানসহ ঐ নারী মমিনবাগের একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল সকালে রুনা কর্মস্থলে যাচ্ছিলেন। পশ্চিম মমিনবাগের ৩৪ নম্বর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে নির্মাণসামগ্রী ইট রুনার মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়।