বাজার নিয়ে ছেলের মোটরসাইকেলে উত্তরখানের বাসায় ফেরা হলো না বাবার। বিমানবন্দর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলে বাবা নিহত হন। এ ঘটনায় ছেলে আহত হয়েছেন। নিহতের নাম ইউনুস বেপারী। আহত ছেলের নাম শামীম রেজা। বিমানবন্দর সড়কে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি হাসপাতাল নিয়ে যায়। সেখানে বাবা ইউনুস বেপারীর অবস্থার অবনতি হলে রাত পৌনে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সকগণ তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
