দ্বিতীয় দিনে টিকা নিতে আগ্রহ বেড়েছে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৭

গণটিকাদানের দ্বিতীয় দিনে ঢাকার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে টিকা গ্রহীতাদের উপস্থিতি বেড়েছে। অনেক প্রবীণ স্বজনদের সঙ্গে এসে টিকা নিয়ে বলেছেন, প্রাণঘাতী এই ভাইরাস থেকে এখন নিরাপদ বোধ করছেন তারা। দ্বিতীয় দিন সোমবার সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হয়। করোনা ভাইরাস মোকাবিলার সম্মুখযোদ্ধাদের সঙ্গে বয়সে প্রবীণ ও মুক্তিযোদ্ধাসহ কয়েকটি শ্রেণির নাগরিকেরা প্রথম দিকে টিকা পাচ্ছেন।

ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যে করোনা ভাইরাসের টিকা বাংলাদেশে দেওয়া হচ্ছে, তা নিয়ে বিএনপির অনেকে সংশয় প্রকাশ করে এলেও সেই টিকা নিয়ে দলটির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেছেন, তিনি ‘ভালো’ বোধ করছেন। করোনা ভাইরাসের গণটিকাদানের দ্বিতীয় দিন গতকাল সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নেন ৬৫ বছর বয়সি এই আইনজীবী। টিকা নেওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘মেন্টালি বেটার ফিল করছি। টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, তা বলতে পারছি না। তবে আই এম ফিলিং বেটার।’ নিজে টিকা নেওয়ার পর অন্য সবাইকেও টিকা নেওয়ার পরামর্শ  দেন মাহবুব উদ্দিন খোকন।

বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে। এই টিকা নিরাপদ এবং করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তবে বিএনপির নেতাদের অনেকে বিভিন্ন সময়ে ভারত থেকে টিকা আনার সমালোচনা করেছেন। টিকা দিয়ে সাধারণ মানুষকে ‘গিনিপিগ’ বানানো হবে কি না, সেই সন্দেহের কথাও বলেছিলেন কেউ কেউ।

বিএসএমএমইউয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী রফিকুল আলম ও তার স্ত্রী আবিদা সুলতানাও এদিন টিকা নেন। টিকা নেওয়ার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রফিকুল আলম। প্রথম দিনের চেয়ে গতকাল সোমবার টিকা গ্রহীতাদের উপস্থিতি বেশি ছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেও। সকাল ১০টার পর শ্যামলীর ২৫০ শয্যার টিবি হাসপাতালে টিকা নিতে যান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মত্ নাজমানারা খানুমও টিকা নেন। টিকা নিয়ে সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের জানান, স্বাভাবিক আছেন তিনি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও করোনা ভাইরাসের টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। সচিবালয় ক্লিনিকে এদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেওয়া হয়। সেখানকার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, ক্লিনিকে বর্তমানে ৩০০ জনকে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে। সোমবার ২৫৭ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৩৮ জন নারী।