মেলবোর্ন, সিডনি, ব্রিসবেনের পর আরও একটি রূপকথা কি লিখতে পারবে ভারত? গত পরশুই এশিয়ার মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘূর্ণিপাক খাওয়া চেন্নাইয়ের উইকেটে জিততে হলে বিরাট কোহলির দলকে ভাঙতে হবে সেই রেকর্ড। কেননা তাদেরকে ৪২০ রানের পাহাড়সমান লক্ষ্য দিয়ে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড।
আর মাত্র ৯ উইকেট চাই জো রুটের দলের। ১ উইকেটে ৩৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে ভারত। তার আগে প্রথম ইনিংসে ৩৩৭ রান করে তারা। ফলোঅন এড়াতে পারেনি ওয়াশিংটন সুন্দরের ৮৫ রানের ইনিংস। তবে ফলোঅন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে অবশ্য মাত্র ১৭৮ রানেই অলআউট গুটিয়ে যায়। ৬১ রানে ৬ উইকেট নেন অশ্বিন। আর ১ উইকেট নিয়ে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন পেসার ইশান্ত শর্মা।

বড় লক্ষ্যের জবাবে শুরুতে রোহিত শর্মাকে হারায় ভারত। তবে শুভমান গিল ও চেতেশ্বর পুজারার ব্যাটে দিনটা নিরাপদেই কাটায় তারা। শেষ দিনে কী অপেক্ষা করছে সেটাই এখন দেখার বিষয়।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫৭৮ ও ১৭৮ (রুট ৪০; অশ্বিন ৬১-৬)
ভারত: ৩৩৭ (সুন্দর ৮৫*; বেস ৭৬-৪) ও (লক্ষ্য ৪২০) ৩৯/১ ( রোহিত ১২, গিল ১৫*, পুজারা ১২*; লিচ ২১-১)
ইত্তেফাক/এমআর
