ছেলের কীর্তিতে ঘুমাতে পারছেন না মেয়ার্সের বাবা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৮

চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে কাইল মেয়ার্সের। প্রথম ইনিংসে ৪০ রান করলেও তার বাবা শেরলি ক্লার্কের মন ভালো ছিল না। দ্বিতীয় ইনিংসে বার্বাডোজের সময় রাত সাড়ে ১১টায় তিনি টেলিভিশন বন্ধ করে দেওয়ার কথা ভেবেছিলেন। কারণ ছেলে কাইল যখন বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নামলেন তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে ৩৭ রানে ৩ উইকেট। এরপর ক্রিকেটবিশ্ব দেখল অবিশ্বাস্য এক ইতিহাস।

৩৯৫ রান তাড়া করে চট্টগ্রাম টেস্ট ৩ উইকেটে জিতেছে ক্যারিবিয়ানরা। সেই লক্ষ্যে পৌঁছাতে অভিষেক টেস্টে মেয়ার্সের অপরাজিত ২১০ রান ভূমিকা রেখেছে। ছেলের কীর্তি দেখে গর্বিত বাবা বলছিলেন, ভাবতেও পারিনি, এই টেস্ট ম্যাচ যে আমরা জিততে পারি। ছেলে প্রথম ইনিংসে রান করলেও ও যে দলকে জিতিয়ে দিয়েছে, এখনও বিশ্বাস করতে পারছি না। আমি সারারাত ঘুমোতে পারিনি। দেশের এমন দাপুটে টেস্ট জয় দেখে যে কী আনন্দ হচ্ছে, ভাষায় প্রকাশ করতে পারব না।

এই ঐতিহাসিক টেস্ট জয়ের পরও ক্যারিবিয়ানদের সুদিন ফিরবে কিনা জানা নেই। কারণ তাদের ক্রিকেট এখন বহু সমস্যায় জর্জরিত। দুর্নীতিগ্রস্থ বোর্ড। ক্রিকেটাররা ঠিকমতো বেতন-ভাতাও পান না। তবে ক্ষণিকের জন্য হলেও কাইল মেয়ার্সের সৌজন্যে বার্বাডোজে ব্যাপক হই-হুল্লোড় চলছে। শেরলি ক্লার্ক আরও বলেন, আমাদের বাড়িতে ইতিমধ্যেই পার্টি শুরু হয়ে গেছে। ছেলে ঘরে না ফেরা পর্যন্ত এই পার্টি চলবে। আমি তো আনন্দে ঘুমাতেই পারছি না। ছেলের উদ্দেশে শুধু বলছি, ব্যাট করে যাও।

ইত্তেফাক/টিআর