লেওয়ানডোস্কি ম্যাজিকে বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:০২

তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি ম্যাজিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। আসরের সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারালো বাভারিয়ানরা। ম্যাচে জোড়া গোল করেছেন লেওয়ানডোস্কি। আগামী বৃহস্পতিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব টাইগ্রেস।

ক্লাব বিশ্বকাপ দিয়ে কাতার বিশ্বকাপের আগে ড্রেস রিহার্সালটা শুরু হয়ে গেছে মরুর বুকে। বিশ্বের বাঘা বাঘা ক্লাবগুলোকে আতিথ্য দিতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। করোনা মহামারীর মাঝেও, ফুটবলীয় নৈপূণ্যে ভেসেছে আহমেদ বিন আলী স্টেডিয়াম।

বিশ্ব ক্লাব ফুটবলের ফাইনালে উঠতে হলে বাভারিয়ানদের হারাতে হবে মিশরীয় ক্লাবকে। জার্মানদের জন্য পরীক্ষাটা বড় না হলেও, শঙ্কার। কারণ অনেক কিছু জিতে ফেলার কারণেই হয়তো, একটু ক্লান্তি এসে ভর করেছে হ্যান্সি ফ্লিকের শিবিরে।

প্রতিপক্ষ অচেনা, শক্তিমত্তা নিয়ে নেই খুব ভালো ধারণা তাদের। তাই হয়তো কোন পরীক্ষা-নিরীক্ষায় যাননি ফ্লিক। ৪-২-৩-১ ফর্মেশনেই দল নামালেন কাতারের আহমেদ আলীতে। লোন স্ট্রাইকার হিসেবে থাকলেন রবার্ট লেওয়ানডোস্কি। আল আহলির পরিকল্পনাও ছিলো জার্মানদের মতো। কিন্তু মাঠের খেলায় আকাশ পাতাল তফাৎ।

শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে রাখার কৌশল অবলম্বন করে জার্মান ক্লাবটি। ২০১৩ এর পর আবারো শিরোপা জেতার নেশায় বুঁদ আছেন লেওয়ানডোস্কি-গ্যান্যাব্রি-কোম্যানরা। একের পর এক বুলেট গতির শট ছুটে যায় শেনাওয়ির দিকে। বেশ কয়েকবার দলকে বাঁচালেও, ১৭ মিনিটেই বিফল মিশরীয় গোলরক্ষক। ডান পায়ের জোরালো এক কিকে দলকে এগিয়ে দেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডোস্কি।

গোল খেলেও খেলার ধরণে খুব একটা পরিবর্তন আনেনি আরব ক্লাবটি। বায়ার্নের আক্রমণ ঠেকাতে ঠেকাতেই সময় কাটে তাদের।

প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরেও, অবস্থা বদলায়নি দুইদলের। খেলোয়াড় বদলালেও, আক্রমণে গতি আনতে পারেনি আল আহলে। উলটো দিকে সানে-সুলে-টোলিসোদের সামলাতে প্রতি সেকন্ডে হিমশিম খেতে থাকে তারা। ফরোয়ার্ডরা ভুল না করলে এর মধ্যে আরো কয়েকবার এগিয়ে যেতে পারতো বায়ার্ন।

ম্যাচের শেষ দিকে এসে আবারো ম্যাজিক দেখান লেওয়ানডোস্কি। লিরয় সানের অ্যাসিস্টে দলের এবং নিজের জোড়া গোল পূরণ করেন তিনি। আর মর্যাদার এ আসরের ফাইনালে চলে যায় বায়ার্ন মিউনিখ।

ইত্তেফাক/টিআর