ভালবাসা দিবসে চাহিদার আয়োজন!

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:১২

তানভীর তারেক

শোবিজে ভালবাসা দিবসের দিনটি এক অন্যরকম উত্সবের আমেজ এনে দেয়। গান, নাটক কিংবা চলচ্চিত্র সবকিছুতেই যেহেতু নাগরিক সম্পর্ক বা ভালবাসাটাই মুখ্য উপজীব্য। তাই ভালবাসার এই দিনটিও শিল্পী-নির্মাতার জন্য ভীষণ দামী। একই সাথে স্পন্সর যারা থাকে তারাও তরুণ-তরুণীদের মনোজগতে প্রবেশের লক্ষে নিজেদের ব্র্যান্ডের মাইকিং করার জন্য এই দিনটিকে বেছে নেয় খুব যত্ন করে। মূলত ভালবাসা দিবসেই রেকর্ড বাজেটের নাটক হয় ব্র্যান্ডিং এর আবরণে। এবছর করোনার আঘাতে সেখানেও কিছুটা বাত্যয় ঘটেছে তবে ভালবাসা দিবসের আড়ম্বড় কমেনি। সিনেমা হলে দর্শক না পাবার শংকা যদিও রয়েই গেছে তবে অন্য মাধ্যমগুলো ছিল দারুণ সরব।

এছাড়া নাটকের ক্ষেত্রে প্রতিবছর গণমাধ্যমের একটি পরিসংখ্যান করা হয় তা হলো - কোন তারকা সর্বাধিক কাজ করলো। সেক্ষেত্রে এই ভ্যালেন্টাইন মৌসুমে সর্বাধিক কাজ করেছেন সারিকা সাবাহ।

এর ভেতরে বৈশাখী টেলিভিশনের জন্য চয়নিকা চৌধুরীর পরিচালনায় ফাল্গুনের নাটক ‘মন কেমনের দিন’  প্রচার হবে  ১২ ফেব্রুয়ারি রাত ৮টা ৩০ মিনিটে। ফারিয়া হোসেনের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, সাবাহ সারিকা প্রমুখ।

এ প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘রঞ্জন চরিত্রে মিলন, মায়া চরিত্রে সাবাহ সারিকা আর অপর্ণা চরিত্রে রিচি অসাধারণ অভিনয় করেছে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, সারিকা সাবাহ’র নাটক হিসেব করলে বর্তমান সময়ের একাধিক গুনী নির্মাতাদের কাজ করছেন তিনি। চয়নিকা চৌধুরী ছাড়াও প্রীত দত্ত, মোহন আহমেদ, শ্রাবনী ফেরদৌসসহ একাধিক নির্মাতার নাটকের প্রধান চরিত্রে কাজ করছেন সারিকা সাবাহ। সারিকা সাবাহ বলেন,‘সর্বাধিক বা একাধিক এসব হিসেব করে তো কেউ কাজ করে না। আমিও তাই ভাল গল্প, প্রডাকশন দেখেই কাজ করেছি।’

তারকাদের জনপ্রিয় অবস্থানকেই এটি মূলত প্রমান করে। এর আগে যেমন শ্রাবস্তী দত্ত তিন্নি , শখ বা সারিকাদের নাম বিভিন্ন সময় এসেছিল। যারা দুই ঈদ উত্সব, বৈশাখ বা ভালবাসা দিবসের একাধিক নাটকের প্রধান চরিত্রে ছিলেন। তেমনি ক্যারিয়ারের সেই বৃহস্পতিই কাটাচ্ছেন এখন সারিকা সাবাহ।

এদিকে সিনেমা হলে বাইরে বরাবরই বিকল্প প্রদর্শনীতে তরুণ তরুণীরা অনেকেই আগ্রহ দেখান। তারই ধারাবাহিকতায় ভালোবাসার ‘গন্ডি’তে কাটুক ফাল্গুন’ - এই শ্লোগান নিয়ে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান গড়াই ফিল্মস আয়োজন করেছে দুই দিনের এক চলচ্চিত্র প্রর্দশনীর। এই আয়োজনে দেখানো হবে ফাখরুল আরেফিন খান পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘গন্ডি’। রোমান্টিক কমেডি ঘরানার ‘গন্ডি’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। আরও অভিনয় করেছেন মোহাম্মদ বারী, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, শুভাশীষ ভীেমিক, পায়েল মুখার্জি। শুভজিত্ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে নির্মিত এই ছবির গল্প দুই অচেনা বয়স্ক মানুষকে ঘিরে। তারা বাড়িতে একা থাকেন। তাদের ছেলেমেয়েরা বিদেশে নিজেদের মতো ব্যস্ত। কোনো একদিন এই দুজনের পরিচয় হয়। আলাপ হয়। নিজের সিদ্ধান্তে বাঁচতে চায়। তাদের সিদ্দান্তে বাঁধা হয়ে দাঁড়ায় পরিবারের মানুষরা। ঘটে নানা ঘটনা।

যুক্তরাজ্যের ভ্যালেন্টাইন পার্ক, ইল ফোর্ড, ইস্ট চ্যাপেল, এন ফিল্ড, পিকাডলি সার্কাস ছাড়াও ঢাকা ও কক্সাজারের বেশ কয়েকটি লোকেশনে চিত্রায়িত ‘গন্ডি’ মুক্তি পায় গত বছরের ৭ ফেব্রুয়ারি।

পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, ‘আমাদের এই ছবিটি গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল। সেই সময় ছবিটি অনেকেই উপভোগ করেছেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে পেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ছবিটি দেখতে পারেননি। মুলত তাদের জন্যই আমরা এই ফাল্গুনে ছবিটির দুই দিনের প্রদর্শনীর আয়োজন করেছি। কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে স্বাস্থ্যবিধী মেনে ছবিটি দেখতে পারবেন দর্শকরা।’