আগ্রহের কেন্দ্রে শেরেবাংলার উইকেট

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৬

সাকিবের বদলে টেস্ট দলে ফিরলেন সৌম্য

স্পোর্টস রিপোর্টার

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের আশা ফিকে হয়ে গেছে চট্টগ্রামে। সাগরিকার উইকেট যেন পঞ্চম দিনে ধোঁকাই দিয়েছে বাংলাদেশ দলকে। স্বাগতিকদের প্রত্যাশিত রূপে ধরা দেয়নি উইকেট। ৩ উইকেটে ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশ এখন মরিয়া ঘুরে দাঁড়াতে।

গতকাল দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেই সরাসরি মধ্য মাঠে উইকেটের কাছে চলে গেলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। ২২ গজের জমিন পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক। কিছুক্ষণ পর শেরেবাংলার প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলতে দেখা গেল টেস্ট অধিনায়ক মুমিনুল হককে। তাদের আলাপন শেষেই ড্রেসিংরুমে ফিরে যায় পুরো দল।

মিনিট বিশেকের মিটিং শেষে অনুশীলনে নামে বাংলাদেশ দল। এবার অধিনায়ক মুমিনুল ও ডমিঙ্গো একসঙ্গে আসলেন উইকেট দর্শনে। চারপাশে হেঁটে উইকেট পরখ করেছেন তারা। উইকেটের রহস্য ব্যবচ্ছেদ করতে জোর চেষ্টা তাদের।

গতকাল বিকেল পর্যন্ত শেরেবাংলার ৪ নম্বর উইকেটকেই প্রস্তুত করতে দেখা গেছে। গ্রাউন্ডসম্যানরা কাজ করেছেন উইকেট প্রস্তুত করতে। এ উইকেটেই হতে পারে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আগামীকাল শুরু হবে ম্যাচটি।

মুমিনুল-ডমিঙ্গোদের আগ্রহদের কেন্দ্রবিন্দুতে উইকেটের অবস্থান স্বাভাবিক বটে। কারণ চট্টগ্রামে ম্যাচ হেরে বহুমুখী চাপে বাংলাদেশ দল। এমনিতে দল ১-০ তে পিছিয়ে পড়ে ব্যাকফুটে আছে, সাকিব আল হাসানকে হারিয়ে চ্যালেঞ্জ বেড়ে গেছে অনেক। হোম অব ক্রিকেটের ২২ গজই স্বস্তি ফেরাতে পারে টাইগার শিবিরে। চেনা উইকেট, ভেন্যুতে ব্যাটে-বলের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে বাংলাদেশকে। চট্টগ্রামের মতো এখানেও পা হড়কালে সিরিজ হারের তিক্ততা সঙ্গী হবে স্বাগতিকদের। মুমিনুলরা তাই উদগ্রীব উইকেটের ধরন আত্মস্থ করতে।

স্লো, লো হলেও মিরপুরের উইকেটে সবসময় পেসাররা কিছুটা সুবিধা পেয়ে থাকেন। ঢাকা টেস্টে তাই বাংলাদেশের একাদশে বাড়তে পারে একজন পেসার। সাকিবের বদলি হিসেবে টিম ম্যানেজমেন্টও বেছে নিয়েছে সৌম্য সরকারকে। ব্যাটিংয়ের সঙ্গে সৌম্যর কাছ থেকে পাওয়া যাবে মিডিয়াম পেস বোলিং। গতকাল সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ বাঁহাতি ক্রিকেটারকে দলভুক্ত করার ঘোষণা দিয়েছে বিসিবি। হুট করে দলে আসা সৌম্যকে ঢাকা টেস্টের একাদশে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে চট্টগ্রামে শেষ টেস্ট খেলেছিলেন সৌম্য। ২০২০ সালে পাকিস্তান সফরে গেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।