সুয়ারেজের জোড়া গোলের পরও অ্যাটলেটিকোর ড্র

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৮

স্পোর্টস ডেস্ক

লা লিগায় ছুটতে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে থামাল সেল্টা ভিগো। লুইস সুয়ারেজের জোড়া গোলের পরও সোমবার ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল খেয়ে সেল্টা ভিগোর সঙ্গে ড্র করেছে লিগ টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো। ম্যাচশেষে অ্যাটলেটিকো কর্তৃপক্ষ জানিয়েছে, দলের আরো দুই জন ফুটবলারের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ওয়ান্দা মেট্রোপালিটানোতে শুরুটা ভালো করেনি সুয়ারেজরা। ১৩ মিনিটেই সান্তি মিনার হেডে এগিয়ে যায় সেল্টা। বিরতির ঠিক আগে মার্কোস য়ুরেন্তের ক্রসে পা ছুঁইয়ে সমতা ফেরান অ্যাটলেটিকো স্ট্রাইকার সুয়ারেজ। বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই রেনান লোদির আরেক ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান সুয়ারেজ। ৮৯ মিনিটে সেল্টার বদলি স্ট্রাইকার ফাকুন্দো ফেরেয়রা গোল করে বসলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লাল-সাদা শিবিরের। লিগে টানা আট জয়ের পর এই ম্যাচেই প্রথম তিন পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত হলো সুয়ারেজরা।

এদিকে রবার্ট লেভান্ডভস্কির জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মিশরীয় দল আল আহলিকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ২-০ গোলের এই জয়ের মাধ্যমে বৃহস্পতিবারের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইউরোপীয় চ্যাম্পিয়নরা।