দৈনিক ইত্তেফাকের প্রাণপুরুষ, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন অনাড়ম্বর পরিবেশে উদযাপিত হয়েছে। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকালে রাজধানীর কাওরান বাজারে ইত্তেফাক কার্যালয়ে পরিবারের সদস্য, দলীয় ও অফিসের সহকর্মীদের নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু কেক কাটেন। এ সময় পরিবার, জেপি ও ইত্তেফাকের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আনোয়ার হোসেন মঞ্জুর কন্যা ও ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন, তার আরেক কন্যা মানিজা হোসেন, নাতি রায়হান হোসেন, সামিট গ্রুপের অন্যতম পরিচালক জাফর উমেদ খান টিটু এবং ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন এ সময় উপস্থিত ছিলেন। ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। জেপি নেতাদের মধ্যে ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী ও এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু ও যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ। ইত্তেফাকের বার্তা বিভাগের সাংবাদিক-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

আনোয়ার হোসেন মঞ্জুর দুর্লভ কিছু ছবি নিয়ে সাজানো একটি বিশেষ অ্যালবাম উপহার দেন ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন
কেক কাটার পর আনোয়ার হোসেন মঞ্জুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর তৈরি করা একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার ভূমিকার চিত্র তুলে ধরা হয়। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার সময়কাল থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন সময়ে ইত্তেফাকের ঐতিহাসিক ভূমিকার সচিত্র প্রতিবেদন স্থান পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশে-বিদেশে বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র ফুটে ওঠে। এর আগেও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র রয়েছে। সর্বোপরি তুলে ধরা হয় নিজ নির্বাচনী এলাকায় তার উন্নয়নচিত্র। এছাড়া ভিডিওচিত্রটিতে জন্মদিনে আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে কথা বলেছেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, প্রখ্যাত কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী ও ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি।

আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিনে শুভেচ্ছা জানানো হচ্ছে।
আনোয়ার হোসেন মঞ্জুর সহধর্মিনী ও ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনও ভিডিওচিত্রে তার বৈশিষ্ট্যের বিভিন্ন দিক তুলে ধরেন। ভিডিওচিত্রটিতে উঠে আসে আনোয়ার হোসেন মঞ্জুর পারিবারিক বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি। এছাড়া উঠে আসে শিশু, প্রকৃতি ও প্রাণীর প্রতি আনোয়ার হোসেন মঞ্জুর বিশেষ দরদের চিত্র।
.jpg)
ভান্ডারিয়ায় দোয়া মাহফিল ও কেক কেটে উদযাপন
আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা সদরের রিজার্ভ পুকুর পাড়ে জেপি কার্যালয়ে মিলাদ মাহফিল ও মোনাজাত শেষে কেক কাটা হয়। জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ইন্দুরকানীতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেট কেটে উপযাপন
সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কেক কেটে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উদযাপন করেছে ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়। জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। সকালে উপজেলা সদরের ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইত্তেফাক সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মতিউর রহমান শাহিন, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মজনু হোসেন রনি। আলোচনা শেষে আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন সূবর্ণ শিশুদের নিয়ে কেক কেটে সবার মাঝে বিতরণ করা হয়।

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উদযাপন
পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান, আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টি জেপির কার্যালয়ে কাটেন জাতীয় পার্টি জেপির যুব সংহতি, ছাত্র সমাজ, মহিলা পার্টির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির উপজেলা জেপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, সাধারণ সম্পাদক শাহআলম নসু, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন জেপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, জেপি নেতা খান মোহাম্মদ বাচ্চু, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, জাতীয় মহিলা পার্টির সভাপতি আফরোজা সনু, সাধারণ সম্পাদক সীমা আক্তার, উপজেলা যুবসংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, জেপি নেতা নেতা শেখ লিটন, নাহিদ বাচ্চু, রেজাউল ইসলাম খসরু, ছাত্রসমাজের সভাপতি কাইয়ুম শেখ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
