ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
পলাশ (নরসিংদী) : পলাশে মঙ্গলবার সকালে সিএনজিচালিত অটোরিকশা উলটে বেগম নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো চার জন। উপজেলার মাঝেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেগম গাজীপুর জেলার সাওরাইদ গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসিরউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত প্রকৌশলী রাশিয়ান নাগরিক শেরগাই গারকিন। মঙ্গলবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম সাগর পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্য অরনখোলা রিফুজি কলোনি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, আহতদের বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় চালক সাগর মারা যান।
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে গাইবান্ধা শহরতলীর ইন্দ্রাপাড় এলাকায় ট্রাক্টরের চাপায় পথচারী জাহিদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। জাহিদ গাইবান্ধার পূর্ব রাধাকৃষ্ণপুর গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে। অন্যদিকে গোবিন্দগঞ্জ উপজেলায় সোমবার রাতে নাকাইহাট সড়কের শিববাড়ী এলাকায় বালুবোঝাই ট্রাক্টর সিএনজিচালিত অটোটেম্পোকে চাপা দিলে নারীসহ দুই যাত্রী গুরুতর আহত হন। আহত বিউটি বেগমকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। অন্য আহত যাত্রী সায়েদ আলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনিও মারা যান। গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, আটক ট্রাক্টরচালক শামীমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
