রূপগঞ্জে জায়নামাজ ও টুপির গুদামে আগুন তদন্ত কমিটি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৯

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে গুদামটিতে মজুতকৃত ৫ লাখ টুপি, ৫২ হাজার জায়নামাজ, ২৬ হাজার কারপেট ও ১৬ হাজার ওয়ালমেট। আগামী রমজানকে সামনে রেখে এই পণ্য সামগ্রীগুলো গুদামটিতে মজুত করে রাখা হয়েছিল। সোমবার রাত ১০টার দিকে উপজেলার তারাবো দীঘিরপাড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ডেমরা ও আদমজী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, আর্থিকভাবে তার ক্ষতি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গুদামের মালিক আবুল কাশেম পাটোয়ারি জানান, দুর্বৃত্তরা তার গোডাউনে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে । এতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তিনি দাবি করেন, গুদামটি ভাড়া নেওয়ার পর থেকে মালিকপক্ষের সঙ্গে তার বিরোধ চলছে। এর জের ধরেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ওসমান গনি জানান,অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের দুইটি এবং আদমজী স্টেশন থেকে আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।