সোনাগাজীর সোনাপুর চরডুব্বা এলাকায় ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার শরিয়ত উল্যাহর ওপর হামলাকারী যুবলীগ ক্যাডার আইয়ুব নবী ফরহাদসহ কেউ এখনো গ্রেফতার হয়নি। তাদের ভয়ে সাংবাদিক পরিবার হুমকির মুখে পড়েছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে এবং এজাহার নামীয় আসামিদের গ্রেফতারে তত্পরতা চলছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এলাকার লোকজন জানান, ক্যাডার আইয়ুব নবী ফরহাদ এলাকায় একটি বাহিনী গড়ে তুলেছে। এ বাহিনী প্রশাসনের সামনেই এলাকার চর সোনাপুর, চরডুব্বা, তিন বাড়ীয়া বর্তমানে রহমত নগর নামে পরিচিত এলাকায় দিন দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মানুষের জায়গা দখল, অবৈধ বালুমহল নিয়ন্ত্রণ, সালিশ বাণিজ্য, চুরি-ডাকাতি, মাদক নিয়ে এলাকায় একটি বিশৃঙ্খলা পরিবেশ গড়ে তুলেছে।
অভিযোগ রয়েছে, রাতের বেলায় মুহুরী প্রজেক্ট, চর সোনাপুর এলাকায় জেলেদের থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। উক্ত ফরহাদ এলাকায় ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিচ্ছে বলে এলাকার লোকজন জানায়। এসব ঘটনায় তার বিরুদ্ধে সোনাগাজী থানায় ২০-২৩টি মামলা রয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে আইয়ুব নবী ফরহাদের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উক্ত ব্যক্তি সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে এসব অপকর্ম করছে বলে এলাকাবাসী জানায়।
অন্যদিকে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ সব মামলা সংক্রান্ত ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, বেশির ভাগ মামলায় সে জামিনে আছে।
