বাড়িতে স্বামীর লাশ, খালে মিলল স্ত্রীর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০০

ঠাকুরগাঁওয়ের একটি বাড়ি থেকে বিষপানে নিহত স্বামীর লাশ উদ্ধারের পর খাল থেকে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সদর উপজেলা বরুনাগাঁওয়ের আঁকচা কাজীপাড়া এলাকায় নিজ বাসভবন থেকে সাইদুরের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে তার স্ত্রী আসমা বেগমের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার হয়েছে একটি খাল থেকে। সাইদুর রহমান ও তার স্ত্রী আসমা বেগম দুই জনই হোটেলশ্রমিক ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান, এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইদুর রহমানের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক কিছু দিন ধরে ভালো যাচ্ছিল না। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ‘৯৯৯’-এ ফোন করে একজন সাইদুরের আত্মহত্যার কথা পুলিশকে জানায়। পুলিশ তাত্ক্ষণিকভাবে সাইদুরের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে পাঠায়। ঐ লাশ পাঠানোর দুই ঘণ্টা পর বরুনাগাঁও এলাকায় খালের মধ্যে একটি গলাকাটা লাশ দেখতে পেলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তানভিরুল ইসলাম জানান, নিজ বাড়ি থেকে সাইদুরের বিষপান করা লাশ উদ্ধার করা হয়েছে। আর আসমার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও সিআইডির একটি বিশেষ দল তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে হত্যা ও আত্মহত্যার আসল রহস্য জানা যাবে।