নাশকতার মামলায় টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। মঙ্গলবার টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম নয়া জানান, গত ৮ নভেম্বর গোড়াই শিল্পাঞ্চলের পুলিশের দায়ের করা সাজানো ও মিথ্যা নাশকতা মামলা হয়।ঐ মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৫৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। আর আগে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান তারা। মঙ্গলবার টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থায়ীভাবে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে আটককৃত উল্লেখযোগ্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা হলেন- মো. নজরুল ইসলাম লিমটন, মাওলানা ইব্রাহিম জিহাদি, মো. আব্দুস সামাদ খান, মো. শহিদুর রহমান শহিদ মৃধা, তপন হাসান খান, মো. ময়নাল হক, মো. মোয়াজ্জেম হোসেন, বোরহান উদ্দিন, সাখাওয়াত হোসেন, হারুন অর রশিদ, বজলুর রহমান, আরিফ হোসেন, শফিকুল ইসলাম ডিগ্রি, আলী হোসেন, মো. ফরিদ মিয়া ও দ্রুবসহ ৪০ জন।
আরো পড়ুন: কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত
এ ব্যাপারে বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, পুলিশ অতি উৎসাহী হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়েছে যার কোন ভিত্তি নেই। তিনি গ্রেফতারকৃত ও জেল হাজতে আটককৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
ইত্তেফাক/বিএএফ
