খাগড়াগড় বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীর ২৯ বছরের জেল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫২

এই হামলার মাস্টারমাইন্ড মিজান ওরফে শেখ কওসরকে ২৯ বছরের জেলের সাজা দিল এনআইএ’র স্পেশাল কোর্ট। দেশদ্রোহিতা-সহ একাধিক  ধারায় তাকে সাজা দেওয়া হয়।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খাগড়াগড় বিস্ফোরণ মামলায় রায় ঘোষণা করল আদালত। খাগড়াগড় কাণ্ডে ইতিমধ্যেই ৩১ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাদের মধ্যে ৩০ জনের সাজা ঘোষণা আগেই হয়েছে। এবার কওসরকে ২৯ বছরের জেলের সাজা দেওয়া হল। খাগড়াগড়ের পাশাপাশি, বুদ্ধগয়া বিস্ফোরণেও জড়িত ছিল কওসর।

এর আগে খাগড়াগড় বিস্ফোরণে সাজা দিয়েছিল আদালত। এছাড়াও এ ঘটনায় যুক্ত থাকায় মহিলা জঙ্গি গুলশান আরা বিবি ও ওয়ালিমা বিবিকে ৬ বছরের সাজা শুনিয়েছে আদালত। রেজাউল করিম ও আবদুল হাকিমকে ৮ বছরের সাজা শোনান বিচারক।

২০১৪ সালের ২ অক্টোবর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়। তারপরই ঘটনার তদন্তে নামে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা। বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় কওসর আলি ওরফে বোমারু মিজানকে ২০১৮ সালের অগাস্ট মাসে গ্রেফতার করে এন আইএ। তদন্তে উঠে আসে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশের অন্যতম নেতা সে। বোমা ও আই ই ডি তৈরিতে সিদ্ধহস্ত সে। খাগড়াগড় বোমা হামলায় বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছিল সেই। এছাড়াও তৈরি বোমা মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচারের ক্ষেত্রেও সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

ইত্তেফাক/এএইচপি