ভারত, মিয়ানমার ও চীনের সঙ্গেও রেলওয়ের কানেক্টিভিটি গড়ে তোলা হবে: রেলমন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৭:০১

রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর যোগ্য ও দক্ষ নেতৃত্বে মহাপরিকল্পনায় দেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সাল পর্যন্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দেশের আভ্যন্তরীণসহ বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, মিয়ানমার ও চীনের সঙ্গেও রেলওয়ের কানেক্টিভিটি গড়ে তোলা হবে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা এবং চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি, কক্সবাজার থেকে মিয়ানমার ও চীন পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে। যাত্রী সেবার মান বাড়াতে রেলকে আধুনিক মানের করতে হাইস্পিড ট্রেন চালুর প্রকল্পও গ্রহণ করা হয়েছে। যা অচিরেই এই ট্রেন চালু হবে।’ 

বুধবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলার জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে রেলযোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। সরকার রেলওয়ে যোগাযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে। প্রত্যেক জেলার সঙ্গে রেলের সংযোগ হবে, উত্তরবঙ্গের জন্য আলাদা রেল ব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে তাদের আবার কিসের অধিকার। কিসের গণতন্ত্র, বিশ্বের কোনো দেশেই স্বাধীনতা বিরোধীদের কোনো অধিকার থাকে না। তাদের রাজনৈতিক অধিকার থাকে না, গণতন্ত্রের অধিকার থাকে না, সম্পদের অধিকার থাকে না। আমরা তাদের থাকতে দিয়েছি। তাদের চিকিৎসা পড়ালেখার সুযোগ দিয়েছি। তারা আবার কিসের গণতন্ত্র চায়! সময় এসেছে তাদেরকে এই দেশের মাটিতে কোনোভাবেই দাঁড়াতে দেওয়া হবে না।  

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশের মাটিতে যেন আর মাথাচাঁড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, দেশের স্বাধীনতাকে বিতর্কিত করে এমন কোনো রাজনীতি করার অধিকার নেই। মুক্তিযুদ্ধকে বিগত দিনে যারা বিতর্কিত করেছে তার সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। রাজাকারদেরও চিহিৃত করতে হবে যারা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 

উন্নত দেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর যে ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। সে ভিশন বাস্তবায়নে সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে সবাইকে দায়িত্ব পালনে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায় লে. কর্ণেল মহিউস সুন্নাহ, পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: জনগণ এখন আন্দোলনের মুডে নেই: কাদের

পরে মন্ত্রী পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও সংস্কৃতি ট্রাস্টের প্রায় ৮ লাখ টাকার উপবৃত্তির চেক বিতরণ করেন। 

বিকেলে মন্ত্রী পঞ্চগড় শেরে বাংলা পার্ক সংলগ্ন মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

ইত্তেফাক/কেকে