কালীগঞ্জে দুর্ঘটনায় নিহতদের মধ্যে পরিচয় মিললো চার জনের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২০:০১

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহতের ঘটনায় চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কালীগঞ্জ সুন্দর গ্রামের মাহাফুজুর রহমান কল্লোল (২৫), এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ২ জন শিক্ষার্থী বারোবাজারের মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গার শারমিন খাতুন (২২) এবং বাসের চালক মাগুরার উজ্জল হোসেন (৩৫)। তবে অন্য ৬ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

বুধবার ( ১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার ফুয়েল ষ্টেশনের নিকট এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক। এ সময় আহত হয়েছে আরো অনন্ত ৩০ জন। 

বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেজবাউল হক জানান জেকে পরিবহনের দ্রুতগামী একটি বাস যাত্রী বাস খুলনা থেকে মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর আড়াআড়ি হয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের ৯ যাত্রী মারা যান। অপর একজনকে বারোবাজার স্থানীয় একটি বে-সরকারী হাসপাতালে ভর্তি করলে সে মারা যায়। এই ঘটনায় সড়কে সকল ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক (ডি এ জি) শামিমুল ইসলাম জানান, কালীগঞ্জ দমকল বাহিনীর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় কালীগঞ্জ থানা এবং স্থানীয় লোকজন নিহত এবং আহতদের উদ্ধার করে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহের কালীগঞ্জ যশোর ও বারোবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে স্বজনদের সনাক্ত করার জন্য। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, নিহতদের প্রত্যেক জনকে ২০ হাজার করে টাকা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ বাস এবং ট্রাকটি আটক করেছে।

ইত্তেফাক/এসআই