গত বছরে ‘প্রাঙ্ক কিং’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিনেজ লাভ’ দিয়ে পরিচিতি পায় নতুন দুটি মুখ—মিরাজ খান ও আরোহী মিম। অল্প সময়ের ব্যবধানে, বলা যায়—রাতারাতিই দর্শকমহলে জনপ্রিয় হয়ে উঠেন এ দুই ক্ষুদে তারকা। সজিবের হাত ধরে অভিনয়ে আসা এ দুজনের এবার একসঙ্গে অভিষেক ঘটতে যাচ্ছে নাটকে। সদ্য শেষ হওয়া ‘পালাই পালাই’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। এখানে ফারহান আহমেদ জোভানের ছোটভাই শুভর চরিত্রে অভিনয় করেছেন মিরাজ আর তানজিন তিশার ছোটবোন শায়লা চরিত্রে অভিনয় করেন আরোহী। নাটকটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ। প্রথমবার নাটকে অভিনয় নিয়ে দুজনই বেশ উচ্ছ্বসিত। আরোহী মিম বলেন, ‘আমি অনেক বেশি এক্সাইটেড, সেইসঙ্গে নার্ভাসও। ইউটিউবের জন্য বেশ কিছু কাজ করলেও একটা নতুন প্লাটফর্ম, টেলিভিশন পর্দার জন্য কাজ করাটা সত্যি অনেক বড় একটা বিষয়। এত অল্প সময়ে সুযোগ পাব, কল্পনাও করিনি। মিরাজের সঙ্গে কাজ করা হলেও সেটে অনেক সিনিয়র শিল্পী ছিলেন; যে কারণে প্রথমে একটু বেশি নার্ভাস ছিলাম। পরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। জোভান ভাইয়া, তিশা আপু অনেক সহযোগিতা করেছেন। তাদের কাছে কৃতজ্ঞ—এতটা সহজে আপন করে নেওয়ার জন্য।’ তানিন রহমানের রচনায় নির্মিত ‘পালাই পালাই’ নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাভিশনে প্রচারিত হবে।
