নকল ওয়েবসাইট তৈরি করায় শিক্ষক গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নামে নকল ওয়েবসাইট তৈরি করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের নামে বিভিন্ন তথ্য সংগ্রহের অজুহাতে অর্থ আদায় করার ঘটনায় দশমিনার এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. রুহুল আমীন প্রিন্স উপজেলার ১২৫ নম্বর দক্ষিণ চর শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আইনশৃঙ্খলা বাহিনী তথ্যপ্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার ঢাকায় অবস্থানরত দশমিনার শিক্ষক মো. রুহুল আমীন প্রিন্সকে গ্রেফতার করে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমীন সংবাদকর্মীদের জানান, ‘রুহুল আমিনকে গ্রেফতার করার বিষয়টি মুঠোফোনে আমি খবর পেয়েছি।’ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইয়াদুজ জামান বলেন, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নামে নকল ওয়েবসাইট তৈরির অভিযোগে শিক্ষক মো. রুহুল আমীন প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ নিজে তদারকি করছেন। তিনিই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।