ইত্তেফাক রিপোর্ট
দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসায় অন্তর্ভুক্তকরণ ও তাদের সার্বিক ডিজিটাল দক্ষতা উন্নয়নে আইসিটি টাওয়ারে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিসিকের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. মোস্তাক হাসান এবং এটুআই-এর প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নাগরিক সেবায় উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে বিসিক এবং এটুআই যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের উদ্যোক্তাদের জন্য ই-কমার্স প্ল্যাটফরম তৈরিতে সহায়তা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় মার্কেট সংযোজন সহায়তা প্রদান করবে এটুআই।
এছাড়াও ৬৪ জেলায় বিসিকের ডিসপ্লে সেন্টারগুলোকে অনলাইন প্ল্যাটফরমের আওতায় আনা, পণ্য উত্পাদন এবং বিপণনে নিযুক্ত কর্মী, উদ্যোক্তা এবং সমবায়/সমিতিগুলোর জন্য প্রশিক্ষণ বিষয়ক কারিগরি পরামর্শ দেওয়া হবে। বিসিকের প্ল্যাটফরমটি একশপের সঙ্গে ইন্টিগ্রেটড থাকবে। যেখানে বিসিকের উদ্যোক্তাগণ একশপের লজিস্টিকস সেবা এবং অনলাইনে পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবে। পাশাপাশি সারা দেশে ছড়িয়ে থাকা একশপের বিস্তৃত নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে পারবে। এই সমঝোতা স্মারকের আওতায় দেশে এবং দেশের বাইরে ই-কমার্স কানেক্টিভিটি তৈরিতে একশপ সহযোগিতা দেবে।
