বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদার (৮৮) মারা গেছেন। বুধবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তার মৃত্যু হয়। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জয়নুল হক সিকদারের গড়া সিকদার গ্রুপের ব্যবসা ছড়িয়ে আছে ব্যাংক ও বিমা, বিদ্যুত্, ইকোনমিক জোন, এভিয়েশন, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো নানা খাতে। এর সহযোগী কোম্পানির মধ্যে রয়েছে—পাওয়ার প্যাক পোর্টস, পাওয়ার প্যাক ইকোনমিক জোন, সিকদার ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড, পাওয়ার প্যাক হোল্ডিংস, সিকদার রিয়েল এস্টেট ও মাল্টিপ্লেক্স হোল্ডিংস। কয়েকটি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছেন তিনি। ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট সিকদার গ্রুপেরই একটি প্রকাশনা। রাষ্ট্রপতি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ আরো অনেকেই শোক প্রকাশ করেছেন। জয়নুল হক সিকদারের ছেলেদের মধ্যে রিক হক সিকদার ও রন হক সিকদার এ গ্রুপের পরিচালক। আর মেয়ে পারভীন হক সিকদার সংরক্ষিত আসনের সংসদ সদস্য।
