বিদেশি কূটনীতিকদের টিকাদান শুরু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৪

সরকারের উদ্যোগে বাংলাদেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল বুধবার রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রথমদিন টিকা নিয়েছেন ভ্যাটিক্যান সিটির প্রতিনিধি এবং ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোসারি, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনেস টেরিঙ্ক, জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ, তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মেরিন শুহ, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতাসহ বিভিন্ন বিদেশি কূটনৈতিক মিশনের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যসহ মোট ২১ জন।

কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, ভারতের টিকাকে আলাদা করে দেখার কিছু নেই, যারা টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি বলেন, আমরা বিদেশি কূটনীতিকদের টিকাদান শুরু করেছি। পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ২ হাজার কূটনীতিককে টিকা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকার বিষয়ে সব সময় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

টিকা নেওয়ার পর ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, আমি সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে আসা টিকা নিয়েছি। বাংলাদেশি সব বন্ধুকে বলব, আপনারাও টিকা নিন। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সিরাম ইনস্টিটিউট বিপুল পরিমাণ টিকার ডোজ পাঠিয়েছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও উপহার হিসেবে টিকা এসেছে। বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় আছে। দুই দেশের সম্পর্ক খুবই দৃঢ়। করোনা টিকার ক্ষেত্রেও এই সম্পর্ক মজবুত। এই উদ্যোগের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি।

ইইউ রাষ্ট্রদূত রেনেস টেরিঙ্ক ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেন, নিজে টিকা নিন, অন্যকে সুরক্ষিত করুন। আশা করি এর মাধ্যমে মহামারির অবসান হবে।