অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিযোগে ৭ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। এছাড়া আরো দুই শিক্ষার্থীকে এ অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের (ডিবি) এক সভায় এ সিদ্ধান্ত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শৃঙ্খলা বোর্ডের বৈঠকে ভর্তি জালিয়াতের অভিযোগ ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তার মধ্যে সাত জনকে স্থায়ী ও দুইজনকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলোর বিভিন্ন পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে ১৪৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ২০১৩-১৪ সেশন থেকে শুরু করে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে সাত শিক্ষার্থীকে স্থায়ী ও দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে ১৪৭ জনকে সাজা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমএএম
