চিকিত্সক লাঞ্ছিতের প্রতিবাদ

গাইবান্ধা হাসপাতালে দ্বিতীয় দিনও চিকিত্সাসেবা বন্ধ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

চিকিত্সক ও নার্সকে লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবারও গাইবান্ধা জেনারেল হাসপাতালের বহির্বিভাগের চিকিত্সাসেবা বন্ধ ছিল। ফলে সেবা নিতে এসে রোগীরা ফিরে গেছেন। গত মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিত্সাধীন হাসিবুর রহমান নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় ছাত্রের স্বজনরা ভুল চিকিত্সায় মৃত্যুর অভিযোগ এনে এক চিকিত্সক ও দুই নার্সকে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে গত বুধবার থেকে চিকিত্সক ও নার্সরা এই কর্মবিরতি পালন করেছেন। তবে জরুরি বিভাগে চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে। চিকিত্সক ও নার্সদের দাবি, যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মেহেদী ইকবাল বলেন, চিকিত্সক ও নার্সদের অনুরোধ করার পরও তারা বহির্বিভাগে চিকিত্সাসেবা বন্ধ রেখেছেন। বিষয়টি দেখা হচ্ছে।