বিএনপির প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ

জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৭

জাতীয় প্রেসক্লাবের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, জিয়াউর রহমানকে এ সরকার খেতাব দেয়নি, খেতাব নেওয়ার অধিকারও তাদের নেই। জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করবেন না। জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে। আলজাজিরার ভাইরাসকে কাউন্টার করার জন্য নতুন নাটক তৈরি করা হচ্ছে। সেই নাটকের নাম জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেওয়া এবং তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া। সরকার নিজেদের দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে বীর উত্তম খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারেক রহমান দেশে ফিরে এলে আপনাদের হাজার বছরের সাজা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোনো স্বৈরাচার সরকারই ক্ষমতা ছাড়ে না, ছাড়াতে হয়। কেউ আপনাকে অধিকার দেবে না, অধিকার আদায় করতে হবে। আশার বিষয়, জনগণ ফুঁসে উঠেছে। ইনশাআল্লাহ, জনগণের দাবির তোড়ে আন্দোলনে একদিন সব স্বৈরাচার সরকারের মতো এই সরকারেরও পতন হবে। সদ্য ভূমিষ্ঠ শিশু ছাড়া বাংলাদেশে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই, যার বিরুদ্ধে মামলা নেই। কেন এত মামলা, হত্যা-গুম? কারণ একটাই, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার এসব করছে। এ খেতাব স্বাধীনতার পর দেশের জনগণ ভালোবেসে জিয়াউর রহমানকে দিয়েছে। আর আপনারা (সরকার) আইন দেখান! স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর                 চন্দ্র রায় সরকারের উদ্দেশে বলেন, ‘আমি বলব, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন, গণতন্ত্র ফিরিয়ে দিন’।

এখন রাষ্ট্রীয় খেতাব কারা পাচ্ছেন—এমন প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, এখন খেতাব পাবে কে? খেতাব পাবে দুই খুনের আসামি, চার খুনের আসামি ও পাঁচ খুনের আসামিরা।