বিনোদন ডেস্ক
জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ‘টাইগার থ্রি’ সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বাঁধছেন এটা নতুন খবর নয়। তবে এই সিনেমায় যে বিশেষ চমক থাকছে সেটা আগেই জানা গিয়েছিল। কিন্তু নতুন কী চমক থাকছে এ নিয়ে চলছিল ধোঁয়াসা। সিনেমাটিতে ভিলেন কে থাকছে এ নিয়েও জল্পনা-কল্পনার অন্ত ছিল না। এবার সেই আলোচনার অবসান ঘটলো। টাইগার থ্রিতে নতুনরূপে দেখা মিলবে জনপ্রিয় তারকা ইমরান হাশমীকে। নতুন এই সিনেমায় ভিলেন হিসেবে ভক্তদের সামনে আসছেন তিনি।
জানা গেছে, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস টাইগার থ্রির জন্য খলনায়ক হিসেবে ইমরান হাশমীকে নির্বাচন করেছে। মূলত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রতি কিস্তির খলনায়ক ঘিরেই থাকে নানা জল্পনা-কল্পনা। যার ব্যতিক্রম হচ্ছে না এই কিস্তিতেও। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস শুরু থেকেই খলনায়ক চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন। শেষে তারা ইমরান হাশমীকে বেছে নিলেন। আর তাই বিষয়টি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত সিনেমাটির নায়িকা ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনা বলেন, ‘আমার আর সালমানের জুটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। দর্শকরা সবসময়ই আমাদের ভালোবেসে গ্রহণ করেন। টাইগার সিরিজের আগের কিস্তিগুলোর মতো এই কিস্তিতেও নতুন নতুন চমক থাকবে। যার একটি হলো ইমরান হাশমী। আমরা এর আগে তাকে যেভাবে দেখে অভ্যস্ত এবার ঠিক তার উল্টোভাবে দেখা যাবে। এই সিনেমায় ইমরানকে অন্যরকমভাবে পাচ্ছি। নিশ্চয় ভালো কিছু হবে। অপেক্ষা করুন।’
