ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩২

রাণীনগর উপজেলা পোস্ট অফিস

আব্দুর রউফ রিপন, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর রাণীনগর উপজেলা পোস্ট অফিসের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম। ভবনের ছাদের বিভিন্ন স্থান থেকে কখনো মাথার ওপর, কখনো যন্ত্রপাতির ওপর খুলে পড়ছে পলেস্তারা। দীর্ঘদিন ধরে সংস্কার কিংবা মেরামত করা হচ্ছে না। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, পোস্ট অফিসের ভবনের কক্ষে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। এছাড়াও পোস্ট অফিসে আসা সেবাগ্রহীতারা মাথার ওপর পলেস্তারা খসে পড়ার শঙ্কায় থাকেন। নিরাপত্তা প্রাচীরের কোথাও ভেঙে গেছে। পোস্ট অফিসে আসা সেবাগ্রহীতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মোসলেমা খাতুনসহ অনেকেই অভিযোগ করে বলেন, ‘এই ভবনের অবস্থা এত খারাপ তা আমাদের জানা ছিল না। আমরা পোস্ট অফিসে আসলে সব সময় ভয়ে থাকি, কখন ভবনের ছাদ ভেঙে আমাদের ওপর পড়ে।  অতিদ্রুত পোস্ট অফিসের এই ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে আধুনিক মানের একটি ভবন নির্মাণ করা প্রয়োজন।’

পোস্ট মাস্টার জালার উদ্দিন বলেন, ‘আমরা পোস্ট অফিসে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে আসছি। ছাদের পলেস্তারা খুলে পড়ে অফিসের অনেক মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। গরমের সময় আমরা ভয়ে ফ্যান চালু করি না কারণ ফ্যান কখন যে মাথার ওপর কিংবা সেবাগ্রহীতাদের মাথার ওপর খুলে পড়ে তার কোনো নিশ্চয়তা নেই। এমতাবস্থায় আমরা সেবার মানও বাড়াতে পারছি না।’ তিনি আরো বলেন, ‘পোস্ট অফিসের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে চাইলে দ্রুত এই ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে একটি আধুনিক মানের নিরাপদ পোস্ট অফিস ভবন নির্মাণ করা জরুরি। তা না হলে এক সময় সরকারি এই গুরুত্বপূর্ণ দপ্তর থেকে সাধারণ মানুষ পুরোপুরি মুখ ঘুরিয়ে নিবেন। এই ভবনের এমন অবস্থার কথা কাগজে-কলমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি অনেক বার। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। শুধু আশ্বাসই এখন আমাদের প্রধান ভরসা।’