যুক্তরাষ্ট্রে মুসলিমদের উপর হামলার পরিকল্পনায় চার যুবক আটক

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২০:২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মুসলিম অধ্যুষিত অঞ্চলে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাদের কাছ থেকে বোমা, বেশকিছু বন্দুক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত চার যুবকের একজন স্কল ছাত্র। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। 

গ্রেফতার হওয়া চারজনের মধ্যে- ব্রায়ান কলানেরি (২০), আন্দ্রে ক্রিসাল (১৮), ভিনসেন্ট ভেট্রোমাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। আর ১৬ বছর বয়সী স্কুল ছাত্রের বিরুদ্ধে একই অভিযোগ আনা হলেও অপ্রাপ্ত হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি। 

পরিচয় প্রকাশ হওয়া তিনজনই একসঙ্গে স্কাউট করতো। যে কারণে তাদের আগেই কিছু সামরিক প্রশিক্ষণ ছিল। এমনকি অস্ত্রগুলিও তারা বৈধভাবেই সংগ্রহ করেছিল। 

আরও পড়ুন: মাছ ধরার জালে মাথার খুলি!

ওই শহরের পুলিশ প্রধান প্যাট্রিক পেলহাম এক সংবাদ সম্মেলনে বলেন, ওই স্কুল ছাত্রটি তার সহপাঠীকে মোবাইলে ছবি দেখিয়ে বলে, দেখতো তাকে পরবর্তী শ্যুটার মনে হয় না! বিষয়টি তারা স্কুল কর্তৃপক্ষকে জানায়। স্কুলের নিরাপত্তা কর্মকর্তা ও স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ওই ছাত্র ও ছবিতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আটক করে। 

গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে পাঁচটি স্থানে অভিযান চালিয়ে পুলিশ ২৩টি অস্ত্র উদ্ধার করে। এছাড়াও মোবাইল, কম্পিউটারসহ ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করেছে। উদ্ধার হওয়া অস্ত্রের বেশিরভাগই শটগান। এসব অস্ত্র তারা সংগ্রহ করেছে নিকটাত্মীয়দের কাছ থেকে, যা তারা বৈধভাবেই দখলে রেখেছিল। 

ইত্তেফাক/কেআই