ইত্তেফাক রিপোর্ট
সাবেক শ্বশুরের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানার বলে সংগীতশিল্পী মিলাকে খুঁজছে পুলিশ। পল্লবী থানা পুলিশ বলছে, মিলাকে গ্রেফতার করার জন্য এ পর্যন্ত কয়েকটি অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপন করেছেন। মিলার সাবেক স্বামী এ এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন বাদী হয়ে বছর দুয়েক আগে মিলা ও তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় সম্প্রতি মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, বুধবার মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থানায় আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের ১২ মে সংগীতশিল্পী তাজবিহা বিনতে শহীদ মিলা ইসলাম ও পাইলট পারভেজ সানজারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। দাম্পত্য কলহের জেরে ঐ বছরের ৫ অক্টোবর স্বামী সানজারির বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন মিলা। সেই মামলায় সানজারি জামিন পাওয়ার পর ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন। এ ছাড়া মিলা তার স্বামীর বিরুদ্ধে যৌতুক আইন ছাড়াও ডিজিটাল আইনে মামলা দায়ের করেছেন। অপরদিকে, সানজারি তার সাবেক স্ত্রী মিলার বিরুদ্ধে প্রথম বিয়ের তথ্য গোপন করার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছেন। মিলার ২০০২ সালের ৩১ জুলাই আবির আহম্মেদ নামে এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
পুলিশ জানায়, ২০১৯ সালের ২ জুন সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হন। ঐ ঘটনায় সানজারির বাবা এস এম নাসির উদ্দিন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মিলা ও তার এক সহযোগীকে আসামি করে মামলা দায়ের করেন।
