বাবলু সভাপতি, খোকন সাধারণ সম্পাদক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪১

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন

বরিশাল অফিস

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত বাবলু-খোকন (সাদা) প্যানেলের সভাপতি প্রার্থী গোলাম মাসউদ বাবলু। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একই প্যানেলের রফিকুল ইসলাম খোকন। সাদা প্যানেলের মনোনীত ১১ পদের মধ্যে ১০টি পদে বিজয়ী হয়েছেন তারা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে গভীর রাতে ভোট গণনার সর্বশেষ খবর প্রকাশ করা হয়। বাবলু ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত পান্না-রিয়াজ (নীল) প্যানেলের সভাপতি প্রার্থী নাজিম উদ্দিন আহম্মেদ পান্না ২৬৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৪৬৮ ভোট পেয়েছেন রফিকুল। তার প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের প্রার্থী মির্জা মো. রিয়াজ হোসেন ২৫৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহসভাপতি পদে সাদা প্যানেলের লীলা রানী চক্রবর্তী ৪১৫ ও সালাউদ্দিন সিপু ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।