গুলশানে অনলাইন শপিং মেলায় ভ্যাট গোয়েন্দার অভিযান

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪২

রাজধানীর গুলশানে ‘ও প্লে’ একটি রেস্টুরেন্টে অনলাইন শপিং মেলায় ভ্যাট গোয়েন্দার একটি দল অভিযান পরিচালনা করেছে। এতে ভ্যাট ফাঁকির মহোত্সব দেখতে পায় গোয়েন্দা দল। গতকাল শুক্রবার দিনব্যাপী এই মেলায় ১৯টি অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নেয়। সবগুলো স্টলের মালিকের অনলাইন বিক্রয়ের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে। তারা প্রত্যেকে অনলাইনে পণ্য বিক্রি করে। মেলায় অংশ নেওয়া ১৯টি স্টলের মধ্যে মাত্র দুইটির ভ্যাট নিবন্ধন রয়েছে। তবে তারা নিয়মিত ভ্যাট ও রিটার্ন দেয় না। বাকি ১৭টির কোনো ভ্যাট নিবন্ধনই নেই। ভ্যাট আইন অনুসারে ভ্যাট নিবন্ধন না নিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা যায় না। অনলাইন কেনাকাটায় শতকরা ৫ ভাগ ভ্যাট প্রযোজ্য এবং প্রতি মাসের হিসাব পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট অফিসে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।