নয়াপল্টনে মশাল মিছিল বিএনপির

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪৩

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের প্রস্তাবের প্রতিবাদে গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে আবারও মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বিপ্লব, ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, ছাত্রদল নেতা আবিদ কামাল রুবেল প্রমুখ।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে ঐদিন সন্ধ্যায় রিজভীর নেতৃত্বে রাজধানীর পল্টন এলাকায় মশাল মিছিল বের করলে পুলিশ তাতে হামলা করে বেশ কয়েক জনকে আটক করে। পরদিন রিজভীসহ ২৯ জনের নামে এবং বিএনপির অজ্ঞাত আরো ১০০-১২০ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।