লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীর চার কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার ( ১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমা তাদেরকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন পৌর তিন নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মৃত মফিজুল হকের ছেলে রিয়াজ উদ্দিন (২৭), আব্দুল হামিদের ছেলে মো. করিম (২৬), ইসমাইল হাওলাদারের ছেলে মো. রাজু (২০) ও নজরুল ইসলামের মো. শরিফুল ইসলাম (২৪)।
জানা গেছে, নির্বাচনী প্রচারণা চালানোর শেষ দিন শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নিজাম উদ্দিন এবং অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সোহেল হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষ মুখোমুখী অবস্থান নিলে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালান।
এ সময় উটপাখি প্রতীকের প্রার্থী নিজামের কর্মী রিয়াজ এবং ডালিম প্রতীকের প্রার্থী সোহেলের কর্মী রাজু, করিম ও শরীফকে পুলিশ আটক করে থানায় নিয়ে যান। পরে দুপুরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেকের সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমা দণ্ডাদেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এসআই
