হাঁটার জন্য ফুটপাত চাই

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪০

শরীর সুস্থ রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে হাঁটা। দ্রুত হাঁটলে বা দৌড়াদৌড়ি করলে শরীর ভালো থাকে, আবার শরীরের ওজনও হ্রাস পায়। প্রতিদিন ভোরবেলা অনেক বৃদ্ধ, বৃদ্ধা ও তরুণ-তরুণী হাঁটেন ও দৌড়ান। আবার বিকেলবেলাও অনেকে হাঁটেন। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস, তাঁদের জন্য সকাল ও বিকেল হাঁটা বাধ্যতামূলক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, অনেক স্থানে পর্যাপ্ত খেলার মাঠ ও হাঁটার জায়গা নেই। যেসব স্থানে মাঠ ছিল সেসব স্থান অধিকাংশ দখল হয়ে বড় বড় ভবন গড়ে উঠেছে। ফলে রাস্তাতেই মানুষকে হাঁটতে হয়। জনসংখ্যা বাড়ার পাশাপাশি পাল্ল­া দিয়ে বাড়ছে যানবাহন। আর হাঁটার সময় দুর্ঘটনার কারণ হচ্ছে রাস্তার পাশে ফুটপাত না থাকা। শরীর সুস্থ রাখা এবং ওজন কমানোর জন্য মানুষ যেখানে হাঁটাহাঁটি করে সেখানে হাঁটা যাচ্ছে না। তাই পায়ে হাঁটা নিশ্চিত করতে সারা দেশে ফুটপাত নির্মাণ করা উচিত। রাস্তা দিয়ে যানবাহন চলাচল করবে এটা স্বাভাবিক; কিন্তু হাঁটার জন্য ফুটপাত তৈরি করা একান্ত প্রয়োজন, সঙ্গে সঙ্গে ফুটপাত কোনো অবস্থাতেই যেন হকারদের দখলে না যায়, সেদিকেও দৃষ্টি রাখতে হবে।

ইয়ামিন খান,

২ হাবেলী গোপালপুর,

মুজিব সড়ক, ফরিদপুর