সাভারে নিখোঁজ হওয়ার সাত দিন পর দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল চাকুলিয়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুটির নাম তওহিদ বিশ্বাস। সে সাভারের চাকুলিয়া গ্রামের মনসুর আহমেদের ছেলে। পুলিশ জানায়, গত ৭ ফেব্রুয়ারি নিখোঁজ হয় তাওহিদ। এ বিষয়ে থানায় জিডি করেন শিশুটির বাবা। সাত দিন পর গতকাল সকালে বাড়ির পাশে একটি ডোবায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে ফোন দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সাভার মডেল থানার এসআই জুলফিকার আলী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
