আরো দীর্ঘস্থায়ী লিভারপুলের অধঃপতন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩০

হতাশার চক্র থেকে আর বের হতে পারছে না লিভারপুল। গত রবিবার ম্যানচেস্টার সিটির কাছে ধবল ধোলাইয়ের শিকার হওয়ার পর এবার লেস্টার সিটির কাছেও হারল একইভাবে। গতকাল কিং পাওয়ার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেদ সালাহর গোলে প্রথমে এগিয়ে গিয়েও রক্ষণভাগের ব্যর্থতায় লেস্টারের হাতে ৩-১ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে য়ুর্গেন ক্লপের লিভারপুল। ৬৭ মিনিটে রবার্তো ফিরমিনোর পাস থেকে সালাহ গোল করার পর মনে হচ্ছিল ম্যাচের দখল লিভারপুলের দিকেই চলে যাচ্ছে। তবে ৭৮ মিনিটে এক ফ্রিকিক থেকে গোল করে আবার লেস্টারকে ম্যাচে ফেরান জেমস ম্যাডিসন। তার গোলের ছয় মিনিটের মাঝে গোল করেন জেমি ভার্ডি ও হার্ভি বার্নস। লিগে লিভারপুলের টানা তৃতীয় পরাজয় এটি। আর এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গিয়েছে ব্রেন্ডন রজার্সের লেস্টার।