দেশে করোনা ভাইরাসে এক দিনে শনাক্ত রোগী প্রায় তলানিতে নেমে এলেও আগের দিনের চেয়ে মৃত্যু সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৯১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা গত বছরের ১৬ এপ্রিলের পর সর্বনিম্ন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন হয়েছে। এক দিনে ১৩ জনের মৃত্যুতে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৬৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৩৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বেলা আড়াইটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ১৪ লাখ ৯২ হাজার ৩৪৫ জন। তাদের মধ্য টিকা নিয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক সপ্তাহে নমুনা পরীক্ষার হার দেড় শতাংশ বাড়লেও রোগী শনাক্তের হার প্রায় ১৮ শতাংশ কমেছে। মৃত্যু হারও ৩ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ২৬ শতাংশ। মৃত্যুর হার দাঁড়িয়েছে ১ দশমিক ৫৩ শতাংশ। গত ৮ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ১০ শতাংশ।
