বরিশালের আগৈলঝাড়ায় ক্রিকেট খেলা নিয়ে হামলায় ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামে মুক্তিযোদ্ধার নামে ২৪ দলের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। শনিবার সকালে খেলায় বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুণ সংঘের সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা কোটালীপাড়ার মাছবাড়ি তরুণ সংঘের খেলায় আয়োজক কমিটির সভাপতি জয়রামপট্টি গ্রামের পলাশ দাড়িয়ার একটি সিদ্ধান্ত নিয়ে দুই দলের খেলোয়ারদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
বাকবিতণ্ডার এক পর্যায়ে আয়োজক কমিটির সভাপতি পলাশ দাড়িয়ার নেতৃত্বে শামিম দাড়িয়া, রাসেল দাড়িয়া ও শাহীন দাড়িয়াসহ ২০/৩০ জন মিলে বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুণ সংঘের খেলোয়াড় ও সমর্থকদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় খেলোয়াড়সহ ১৩ জন আহত হয়। এঘটনায় কল্লোল পল্লী মঙ্গল তরুণ সংঘের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
