বসন্ত এসে গেছে...

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩০

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। গাছে গাছে পলাশ ও আমের মুকুলের আগমনে প্রকৃতি বলছে, বসন্ত এসে গেছে। পহেলা ফাল্গুন বাংলা পঞ্জিকার একাদশতম মাস ফাল্গুনের প্রথম দিন ও বসন্তের প্রথম দিন। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন পালিত হয়। বসন্তকে বরণ করে নেওয়ার জন্য বাংলাদেশে বিশেষ উৎসবের সঙ্গে পালিত হয়। গত বারের মতো এবারও বাঙালি বসন্ত উৎযাপন করবে ১৪ ফেব্রুয়ারি। গত বছরেও ভালোবাসা দিবসের দিনেই পালিত হয়েছিল পহেলা ফাল্গুন।

কবিগুরু লিখেছেন, ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে।/ তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/ কোরো না বিড়ম্বিত তারে।’

উৎসব উদ্যাপনে জুড়ি নেই বাঙালির। তার ওপর উৎসবটি যদি হয় প্রকৃতির পালাবদলে ঋতুরাজ বসন্তের আগমনের দিন-তবে তো কথাই নেই! শহরজুড়ে বয়ে গেল আনন্দের হিল্লোল।

প্রাণস্পন্দনে জেগে ওঠা প্রকৃতির নীরব উচ্ছ্বাস, বুনো ফুলের গন্ধমাখা দমকা হওয়া, এই চনমনে রোদ, আমের মুকুলে মুকুলে ভ্রমরের গুঞ্জন, বাঙালির হৃদয়ের গভীরেও জাগিয়ে তোলে এক অনির্বচনীয় ব্যাকুলতা।

এই ইটপাথরের কৃত্রিম নগরে বসন্তের লাবণ্যময় স্পর্শ কি লাগে কোথাও? নিসর্গে বসন্তের বর্ণচ্ছটা শহরে তেমন সুলভ নয়। তবে মানবহৃদয় বসন্তের প্রভাব এড়াতে পারে না বলেই হয়তো আজ এই যান্ত্রিক নগরেও দেখা যায় নাগরিকদের বেশভূষায়, উৎসব আয়োজনে ঋতুরাজের আগমনী-উচ্ছ্বাস।

অনুভূতি পেয়ে যায় তার প্রকাশের ভাষা। বসন্ত তাই ভালোবাসার ঋতু বলেও সমাদর পেয়েছে বাঙালির কাছে। 

ইত্তেফাক/এএইচপি/কেকে