আফগানিস্তান এবং ইরান সীমান্তের একটি কাস্টমস পোস্টে জ্বালানিবাহী শত শত গাড়ি বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। সীমান্তবর্তী শহর ইসলাম কালায় ওই দুর্ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, অন্তত ৫০০ জ্বালানীভর্তি তেল ও গ্যাস ট্যাংকারে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে বেশ কিছু বৈদ্যুতিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হেরাত শহরের বেশিরভাগ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স। স্থানীয় লোকজনও পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে।
হেরাত স্বাস্থ্য দফতরের মুখপাত্র মোহাম্মেদ রাফিয়া শিরাজ বলেন, ১৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত এক পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন। আফগান কর্মকর্তারা আরও কম আহতের কথা জানালেও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ইত্তেফাক/এআর
