সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পহেলা বৈশাখ দল-মত-নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। শহর-নগর-বন্দর থেকে শুরু করে গ্রামের পাড়া-মহল্লা সর্বত্র ধনী-গরীব সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রাণের এ উৎসবে মেতে ওঠে। সে ধরণের প্রাণের উৎসবে রূপ নিচ্ছে বসন্ত উৎসব।
প্রতিমন্ত্রী আজ রবিবার ( ১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে ‘বসন্ত উৎসব ১৪২৭ বঙ্গাব্দ’ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বরাবর ১৩ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপিত হলেও গত বছর বাংলা একাডেমির সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী বসন্ত উৎসব এখন থেকে ১৪ ফেব্রুয়ারি উদযাপিত হবে। চল্লিশোর্ধ্ব বয়সী সবাইকে দ্রুত টিকা নেয়ার আহবান জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন ঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি নিরাপদ টিকা।
তিনি মনে করেন, আমরা করোনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি কিন্তু এখনো নির্মূল করতে পারিনি। সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. নওসাদ হোসেন।
আলোচনা অনুষ্ঠান শেষে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
ইত্তেফাক/এসআই
